চাটখিলে পোড়া লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)

চাটখিলে পোড়া লাশ উদ্ধার
প্রতীকী ছবি

নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের তিন দিন পর খোকন (২৭) নামের এক যুবকের অগ্নিদগ্ধ ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাতে চাটখিল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামের একটি বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত খোকন দৌলতপুর গ্রামের হোসেন আলী পাটোয়ারীবাড়ির ফারুক হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে বাসা থেকে বের হন খোকন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় শনিবার রাত ১০টার দিকে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে নিহতের পরিবার।

রোববার রাত ১০টার দিকে স্থানীয় এলাকাবাসী চাটখিল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাহবুবুর রহমানের বাড়ির পাশে একটি অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোকনের লাশ শনাক্ত করে এবং ময়নাতদন্তের জন্য উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, পার্শ্ববর্তী আজাদ মিয়ার জমিতে খোকনকে হত্যা করার পর দুর্বৃত্তরা লাশটি টেনে এনে মাহবুবুর রহমানের বাড়ির পাশে ফেলে রেখে গেছে। লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, নিখোঁজের পর রাতেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মোন্নাফ সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া হয়েছে। ফরেনসিক রিপোর্ট শেষে বিস্তারিত বলা যাবে। এই মুহূর্তে তদন্ত চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন