চট্টগ্রামে চাঁদাবাজি-হামলার অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

চট্টগ্রামে চাঁদাবাজি-হামলার অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
ছবি: আমার দেশ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার আলীনগর এলাকায় চাঁদাবাজি, বসতবাড়িতে হামলা, ভাঙচুর, প্রাণনাশের হুমকি ও পরিবারের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আশা পুতুল। মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করা হয়।

তিনি অভিযোগ করেন, মোস্তফা মুন্না, রিয়াদ, সাইমন, পাভেল, সুজনসহ কয়েকজনের নেতৃত্বে তাদের বিরুদ্ধে ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। এতে পরিবারের সদস্যরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন।

বিজ্ঞাপন

আশা পুতুল আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ৫ আগস্টের আগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা নিজেদের বিএনপির কর্মী-সমর্থক পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করে চাঁদাবাজি, হামলা ও ভয়ভীতি প্রদর্শন চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান তিনি।

তিনি বলেন, আইনি ব্যবস্থা নেওয়ার পরও অভিযুক্তদের দৌরাত্ম্য থামেনি। উল্টো মামলা তুলে নিতে চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। মামলার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের স্বজনেরা উপস্থিত ছিলেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন