রাজিবপুরে নদীর তীর সংরক্ষণ ব্লকের নিচ থেকে মাটি কাটার অভিযোগ

রাজিবপুরে নদীর তীর সংরক্ষণ ব্লকের নিচ থেকে মাটি কাটার অভিযোগ
ছবি: আমার দেশ

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে নদীর তীর সংরক্ষণ ব্লকের নিচ থেকে রাতের আঁধারে মাটি কাটার অভিযোগ উঠেছে। এতে ব্লকগুলোর স্থায়িত্ব ও নদীভাঙন প্রতিরোধ প্রকল্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ভেকু মেশিন দিয়ে ব্লকের নিচ থেকে মাটি কেটে ট্রাকে সরিয়ে নেওয়া হচ্ছে। মাটি কাটার কাজে নিয়োজিত চালকেরা জানান, নয়াচর ফকিরপাড়া গ্রামের এমদাদুল হক (ফকির) তাদের এ কাজের ঠিকাদারি দিয়েছেন। অন্যদিকে, অহিজল হক কালুর বিরুদ্ধে ব্লকের কোল থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা আজিজুর ও আলমাছ জানান, তারা মাটি কাটার কাজে বাধা দিলেও তা বন্ধ হয়নি। এ ঘটনায় স্থানীয় লোকজন হুমকির শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তারা।

বাসিন্দাদের আশঙ্কা, ব্লকের নিচ থেকে মাটি সরিয়ে নেওয়ায় ভিত্তি দুর্বল হয়ে নদীভাঙনের ঝুঁকি বাড়তে পারে। তারা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযুক্ত এমদাদুল হক ফকির এ প্রতিনিধিকে বলেন, ‘এগুলো গত বছর মাটি কেটে রেখে দিয়েছিলাম। এখন সরিয়ে নিচ্ছি।’

চর রাজিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খান বলেন, ‘বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

—এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন