বাড়ছে অপরাধ

সুনামগঞ্জ পৌর শহরে অকেজো দেড় শতাধিক সিসি ক্যামেরা

সুনামগঞ্জ পৌর শহরে অকেজো দেড় শতাধিক সিসি ক্যামেরা
ছবি: আমার দেশ

সুনামগঞ্জ পৌর শহরে আশঙ্কাজনক হারে চুরি, ছিনতাই ও মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলেছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে স্থাপন করা দেড় শতাধিক সিসি ক্যামেরা দীর্ঘদিন ধরে অকেজো পড়ে থাকায় অপরাধী শনাক্ত করতে হিমশিম খাচ্ছে পুলিশ।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে ২০২১ সালে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে দেড় শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। সদর মডেল থানার ডিউটি অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষ থেকে ক্যামেরাগুলো মনিটরিং করা হতো। সে সময় সার্বক্ষণিক নজরদারির ফলে অপরাধ অনেকাংশেই নিয়ন্ত্রণে ছিল এবং কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করা সহজ হতো।

তবে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে অধিকাংশ ক্যামেরাই অকেজো হয়ে পড়েছে। অনেক স্থানে ক্যামেরার অস্তিত্ব থাকলেও সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, আবার কোনোটির তার ছিঁড়ে ঝুলে আছে। অনেক পয়েন্টে ক্যামেরাগুলো পুরোপুরি উধাও হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্যকর ডিজিটাল নজরদারি না থাকায় সম্প্রতি শহরে অপরাধমূলক কর্মকাণ্ড বহুগুণ বেড়ে গেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ না পাওয়ায় পুলিশও অনেক সময় অপরাধীদের আইনের আওতায় আনতে পারছে না। বর্তমানে শুধু আবাসিক বা নির্জন এলাকা নয়, থানার ঠিক সামনের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানেও চুরির ঘটনা ঘটছে। এতে চরম আতঙ্ক ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সিসি ক্যামেরাগুলো সংস্কার ও নতুন ক্যামেরা স্থাপনের জোর দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বলেন, ‘পুরো শহরকে পুনরায় সিসি ক্যামেরার আওতায় আনতে পারলে অপরাধ প্রবণতা অনেকটাই কমে আসবে।’

সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক বলেন, ‘শহরে একসময় সিসি ক্যামেরা চালু ছিল, যা বর্তমানে অকেজো হয়ে গেছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ প্রবণতা কমানোর লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপন করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে খুব শিগগির কার্যকর উদ্যোগ নেওয়া হবে।’

—এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন