বোয়ালখালী হিন্দু পরিষদের নেতা ভুটান বিশ্বাস বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে হিন্দুরা নিরাপদ থাকবে না এটার চেয়ে বড় মিথ্যা কথা আর হতে পারে না।
তিনি বলেন, জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুরা অনিরাপদ এটা হলো এক ধরণের অপপ্রচার ও ডাহা মিথ্যা কথা। আসল সত্য হলো জামায়াতে ইসলামী আমাদের বন্ধু, বিপদ-আপদের সাথী। তারা ক্ষমতায় আসুক এটাই আমরা চাই। তাদের হাতেই আমরা নিরাপদ সেটা তারা প্রমাণ করেছে।
সোমবার নগরীর একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম-৮ আসনে জামায়াতের প্রার্থী ডা. আবু নাছের নির্বাচনি ইশতেহার ঘোষণা করলে সেখানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনে জামায়াতের প্রার্থী ডা. আবু নাছের ভাই ভালো মানুষ। তার মতো অমায়িক মানুষ এখনকার সময়ে পাওয়া ভার। তিনি ক্ষমতায় আসলে সনাতনীরা নিরাপদে থাকবে। তার কাছে ও তার দলের কাছে সবাই সমান মর্যাদা পাবেন।
শুধু সনাতনী নেতারা নয় আবু নাছেরের ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন দুইজন জুলাই শহীদের পরিবার।
এসময় বোয়ালখালীর শহীদ ওমর বিন নুরুল আবছারের মা রুবি আক্তার বলেন, নাসের ভাই যখন নির্বাচন করবেন না বলেছিলেন তখন আমরা হতাশ হয়ে পড়ি। তার মতো সৎ, যোগ্য, নেতৃত্ব সম্পন্ন মানুষ চট্টগ্রাম-৮ এ আর নেই। তিনি এই আসনের মানুষের সুখ-দুঃখের সাথী। তাকে আমরা আবারও নির্বাচনি মাঠে ফেরত এনেছি।
জনগণের চাপে তিনি আবার নির্বাচনি মাঠে এসেছেন। আমি মনে করি তার হাতেই বোয়ালখালীর কালুরঘাট সেতু বাস্তবায়ন হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন শহীদ মাহবুবুল হাসান মাছুমের বড় ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান, বিআইটিআইডি’র সাবেক পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. বখতিয়ার আলম, বোয়ালখালী উপজেলা হিন্দু পরিষদের নেতা পংকজ শীল, সুজন ভট্টাচার্য, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইকবাল হোসেন।
হিন্দু পরিষদের নেতা পংকজ শীল বলেন, ডা. আবু নাছের একজন মানবিক মানুষই নন শুধু তিনি এই জনপদের আপামর বন্ধু৷ আমরা তাকে এমপি হিসেবে চাই। জয়ের মালা ১২ তারিখ তার গলাতেই ওঠবে আশা রাখি। আরেকজন সনাতনি নেতা বলেন, অতিতে বোয়ালখালী থেকে অনেকে এমপি-মন্ত্রী হয়েছেন। কেউ জনগণের ভাগ্য উন্নয়ন করেনি। তারা নিজেদের উন্নয়ন করে কাগুজে নেতা হয়েছেন। আমাদের বিশ্বাস ডা. আবু নাছের ভাই মানুষের হৃদয়ের নেতা হবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

