কোম্পানীগঞ্জে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৫

কোম্পানীগঞ্জে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাঁদা দাবি, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তদন্তে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ। এ ঘটনায় থানার পরিদর্শক (ওসি তদন্ত) মঞ্জুর আহামেদসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল সড়কে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন—কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (ওসি তদন্ত) মঞ্জুর আহামেদ, উপপরিদর্শক (এসআই) আরিফ মহিউদ্দিন, পুলিশ সদস্য সাহাদাত হোসেন, আবু ইউসুফ ও পুলিশের গাড়ির চালক ইছাক শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে দারুল ইহসান মাদরাসার চেয়ারম্যান নুরুল আবসার কোম্পানীগঞ্জ থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৯-১০ জনের বিরুদ্ধে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেন। অভিযোগটি তদন্ত করতে পরিদর্শক (ওসি তদন্ত) মঞ্জুর আহামেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

পুলিশ দুই পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় আসার কথা বলে ফিরে আসার সময় বাদী নুরুল আবসার ফোন করে জানান, অভিযুক্তরা মাদরাসায় ঢুকে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরের কারণ জানতে চাইলে অভিযুক্তরা লাঠি ও ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন