তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি, নোয়াখালী

তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ
অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ। ইনসেটে নিহত রাকিব। ছবি: আমার দেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুরে বাড়ি ফেরার পথে সড়কে পথ রোধ করে জোবায়ের হোসেন ওরফে রাকিবকে (২৩) লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে।

রোববার হত্যাকাণ্ডের প্রতিবাদে সকাল সাড়ে ১০টা থেকে অভিযুক্তদের পাঁচটি ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের পাকমুন্সিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় পুলিশ এখনো কোনো অপরাধীকে আটক করতে পারেনি।

বিজ্ঞাপন

নিহত রাকিব শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের ভোলা গাজীবাড়ির সৌদিপ্রবাসী মো. হানিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ জনতা এ হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দুপুর ১২টার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাকিবের বাবা ও এক ভাই প্রবাসে থাকেন। রাকিব ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন শপিংমলে চাকরি করতেন। তিন-চার দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিবের চাচাতো ভাইয়ের ছেলের সঙ্গে স্থানীয় এক দোকানদারের কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।

শনিবার রাতে পাকমুন্সিরহাট বাজারে বিষয়টি নিষ্পত্তির জন্য উভয় পক্ষের লোকজন জড়ো হয়। এ সময় এলাকার লোকজন রাকিবকে সেখান থেকে চলে যেতে বলেন। পরে তিনি তার ছোট ভাই রিমনকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে পাকমুন্সিরহাট বাজার এলাকার একটি অন্ধকার স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তার পথ রোধ করে হামলা চালায়। এ সময় ভাইকে বাঁচাতে এগিয়ে এলে তার ছোট ভাই রিমনকে পিটিয়ে আহত করা হয়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা লোহার রড দিয়ে রাকিবের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান রোববার রাত পৌনে ১১টায় বলেন, প্রাথমিকভাবে প্রতীয়মান হয়, পূর্ববিরোধ এবং বড় ভাই ছোট ভাইকেন্দ্রিক জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর রবিবার রাতে জানান, হত্যাকাণ্ডের ঘটনাস্থল র‍্যাব পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন