নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রাইভেটকার ও দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকলমী এলাকার চৌরাস্তা বাজারের উত্তরে রেড ক্রিসেন্ট সোসাইটির পরিত্যক্ত আশ্রয়কেন্দ্রের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কেশবপুর এলাকার মো. রফিকুল ইসলাম ওরফে রফিক (৫৫), সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকার মো. আজিজুল মোস্তাফা (৩৬), মহিউদ্দিন হোসেন (৩০) ও মিজানুর রহমান (২৪) এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকলমী এলাকার নুর মোহাম্মদ (৩১) ও মো. নুর নবী (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ থানার এসআই সুমন চন্দ্র দাসের নেতৃত্বে একটি দল অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের নিয়মিত ডিউটিতে ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চরকলমী এলাকার পাকা সড়কে একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ছয়জনকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা সহযোগী অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
পরবর্তীতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তাদের দেওয়া তথ্যমতে ঘটনাস্থলে থাকা একটি সিলভার রঙের টয়োটা সাকসিড প্রাইভেটকারের পেছনের ডালা থেকে ডাকাতির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জব্দ করা আলামতের মধ্যে রয়েছে—২৬ ইঞ্চি লম্বা একটি রামদা, প্লাস্টিকের হাতলসহ ১৮ ইঞ্চি লম্বা একটি কাটার, ‘স্টিল টেক’ লেখা ১৫ ইঞ্চি লম্বা একটি চাপাতি, ২৪ ইঞ্চি লম্বা একটি পুরোনো লোহার কোরাবারী, বিভিন্ন রঙের তিনটি পুরোনো গামছা এবং একটি কালো কাপড়ের টুকরা।
কোম্পানীগঞ্জ থানার ওসি নুরুল হাকিম জানান, আটক ছয়জন ও পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা রুজুর জন্য এজাহার দায়ের করা হয়েছে। উদ্ধার করা আলামত ও প্রাইভেটকার জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

