ডেঙ্গু প্রতিরোধে ডাব খাওয়া কমাতে হবে: চসিক মেয়র

ডেঙ্গু প্রতিরোধে ডাব খাওয়া কমাতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে ডাব খাওয়া কমাতে হবে। বর্তমানে ডাব খাওয়ার প্রবণতা এতোটাই বেড়েছে যে, চিকিৎসাকেন্দ্রের সামনে গেলে ডাবের খোসা ও উচ্ছিষ্টের স্তূপ দেখা যায়। সেখানে পানি জমে এডিস মশার লার্ভা সৃষ্টি হচ্ছে। এডিস মশা ডাবের মিষ্টি অংশ খেতে বেশি পছন্দ করে, কারণ সেখানে সুস্বাদু আস্তর ও মিষ্টি পানি থাকে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, অনেক চিকিৎসকও কথায় কথায় রোগীদের ডাব বা মাল্টা খাওয়ার পরামর্শ দেন। এভাবে ডাব ও মাল্টা খেয়ে কৃত্রিমভাবে সেগুলোর দাম বাড়ানোর কোনো প্রয়োজন নেই। সাধারণ স্যালাইন খেলেই যেখানে কাজ চলে, সেখানে ডাব খেতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই।

রোববার নগরীর একটি হোটেলে আয়োজিত চিকিৎসকদের এক কর্মশালায় এনসিপি নেতাকর্মীদের মশারি টাঙিয়ে করা প্রতিবাদের জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেঙ্গু হঠাৎ করে ছড়িয়ে পড়া কোনো রোগ নয় উল্লেখ করে মেয়র বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের তুলনায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের হার অনেক কম। প্রেস ক্লাবের সামনে মশারি টাঙিয়ে বা চেহারা দেখিয়ে সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে, কিন্তু তাতে সমস্যার প্রকৃত সমাধান হয় না। ভুল তথ্য বা গুজব না ছড়িয়ে সঠিক তথ্য তুলে ধরতে হবে। মিথ্যা তথ্য দিয়ে কাজের কাজ হয় না।

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরে মেয়র বলেন, চলতি বছর চট্টগ্রামে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে নগরে ১০ জন এবং জেলায় ১৩ জন মারা গেছেন। জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে সীতাকুণ্ডে, যা আমার এলাকার বাইরে। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব পালনে গাফিলতির কারণে এমনটি হচ্ছে। অথচ যারা মশারি টাঙিয়ে প্রতিবাদ জানিয়েছেন, তারা এই সঠিক তথ্যটুকুও জানেন না। সীতাকুণ্ডে বেশি মৃত্যু হওয়া সত্ত্বেও চসিকের পক্ষ থেকে সেখানে ওষুধ পাঠানো হয়েছে। অথচ ভুল তথ্যের কারণে অনেকে দায়মুক্তি পেয়ে যাচ্ছেন।

চসিক মেয়র আরও জানান, চলতি বছর চট্টগ্রাম নগরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫১৭ জন। পক্ষান্তরে ঢাকার দুই সিটিতে চলতি বছর ২৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন এবং ১১৬ জনের মৃত্যু হয়েছে। অথচ চসিক এলাকায় মারা গেছেন মাত্র ১০ জন। নগরীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) স্বীকৃত ‘বিটিআই’ লার্ভিসাইড ব্যবহার করা হচ্ছে। ফলে গত বছরের তুলনায় এবছর আক্রান্তের হার অনেকটাই কমেছে।

মেয়র বলেন, থেমে থেমে বৃষ্টির কারণে গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রাদুর্ভাব কিছুটা বেড়েছিল। তাছাড়া নগরে প্রধান হাসপাতালগুলো অবস্থিত হওয়ায় জেলার রোগীদের চাপও চসিকের ওপর পড়ছে। সীতাকুণ্ডে আক্রান্ত হলেও মানুষ মনে করছে তা নগরেই হচ্ছে। তিনি আরো মন্তব্য করেন, দিনের বেলায় এডিস মশা বেশি কামড়ায় এবং যারা দিনে বেশি ঘুমান, বিশেষ করে ফজরের নামাজের পর, তারা ডেঙ্গুতে বেশি আক্রান্ত হন।

‘ডিভিশনাল ট্রেনিং অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ শীর্ষক ওই কর্মশালায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মনির-উজ-জামান, ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রফেসর ডা. মোহাম্মদ জাকারিয়া আল-আজিজ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে হাশমিরা হায়দার চৌধুরী নামের এক নারীর উদ্যোগে মশারি টাঙিয়ে প্রতিবাদ কর্মসূচি ও গণশুনানি অনুষ্ঠিত হয়। এ সময় ‘মশা বড় নাকি মেয়র বড়?’—এমন স্লোগান ও লিফলেট বিতরণের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিকের ব্যর্থতার তীব্র সমালোচনা করা হয়। ওই কর্মসূচিতে চট্টগ্রামের এনসিপি নেত্রী সাদিয়া আফরিন উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন