জুলাই-আগস্টের অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, এটি এ দেশের সব শ্রেণি-পেশার মানুষের আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খাইরুল কবির খোকন।
তিনি অভিযোগ করেন, জামায়াত-এনসিপি জুলাই সনদের কথা বলে নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। সহানুভূতি পাওয়ার উদ্দেশ্যে তারা প্রধানমন্ত্রীসহ বিএনপি ও দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশ্লীল ভাষায় বিষোদগার করছে।
তিনি আজ শুক্রবার (৭ আগস্ট) নরসিংদী জেলা বিএনপি আয়োজিত শিশু একাডেমিতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে অনুদান প্রদান এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আওয়ামী লীগের উদাহরণ টেনে খাইরুল কবির খোকন বলেন, একসময় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলত। সেই চেতনার কথা বলতে বলতে আজ বাংলাদেশে তাদের পতনই হয়নি, বরং তাদের দিল্লিতে গিয়ে কবর হয়েছে। এই দল আর ১০০ বছরেও বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই।
নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মন্জুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, ভিপি জলিল, এ কে এম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, খবিরুল ইসলাম বাবু, দ্বীন মোহাম্মদ দিপু, মহসিন হোসাইন বিদ্যুৎ, সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ। এ ছাড়া জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে শহীদ পরিবারের সদস্য ও আহতদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন অতিথিরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

