বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, একটি গাছ রোপণ মানে শুধু একটি চারা লাগানো নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অঙ্গীকার। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে প্রত্যেক শিশুর হাতে একটি করে গাছ তুলে দেওয়ার উদ্যোগ সময়োপযোগী।
রোববার সকাল ১০টায় মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘একটি শিশু একটি গাছ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আজ আমরা শুধু একটি কর্মসূচির উদ্বোধন করতে একত্রিত হইনি। আমরা একত্রিত হয়েছি আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করতে। একটি শিশুর হাতে একটি গাছ তুলে দিতে এবং একটি গাছের মাধ্যমে একটি সুন্দর আগামীর বীজ বপন করতে।’
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি আধুনিক, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। উন্নয়ন শুধু সেতু, সড়ক কিংবা ভবন নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃতি সুরক্ষিত রাখা, পরিবেশ নিরাপদ রাখা এবং মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। তাই একটি গাছ লাগানো শুধু একটি চারা রোপণ নয়, এটি একটি দায়িত্ব এবং আগামী প্রজন্মের জন্য মূল্যবান উপহার।
আফরোজা খানম রিতা মানিকগঞ্জবাসীর প্রতি আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে জেলার উন্নয়ন ও মানুষের স্বপ্ন বাস্তবায়নে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
পরে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অতিথিদের সঙ্গে একটি গাছের চারা রোপণের মাধ্যমে ‘একটি শিশু একটি গাছ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার সারওয়ার আলম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিএনপির নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

