আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নবনির্বাচিত জামায়াত এমপির সঙ্গে বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

নবনির্বাচিত জামায়াত এমপির সঙ্গে বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মু. সালাহউদ্দিন আইউবীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ রিয়াজুল হান্নান।

রোববার বাদ আছর কাপাসিয়া উপজেলা সদরে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এমপি মু. সালাহউদ্দিন আইউবীর আমন্ত্রণে শাহ রিয়াজুল হান্নান একঝুড়ি ফল নিয়ে উপস্থিত হন। এ সময় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তাকে ফুল ও শুভেচ্ছা জানিয়ে আন্তরিক অভ্যর্থনা জানান।

বিজ্ঞাপন

ঘণ্টাব্যাপী বৈঠকে কাপাসিয়ার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে উন্নয়ন কার্যক্রম, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করার বিষয়ে উভয়েই কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে একসঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অল্প সময়ের মধ্যেই পূর্ব ঘোষণা ছাড়াই দুই প্রধান রাজনৈতিক দলের দুই প্রতিদ্বন্দ্বীর এ বৈঠক স্থানীয় রাজনীতিতে ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

বৈঠকে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ফরহাদ হোসেন মোল্লা, সহকারী সেক্রেটারি মাওলানা মো. আবুল ফাত্তাহ্, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পারস্পরিক সৌহার্দ্য ও উন্নয়নমূলক সহযোগিতার এ উদ্যোগ কাপাসিয়ার সার্বিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন