মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহী জান্নাকান্দি এলাকার একটি নিজ ঘর থেকে এক সৌদি প্রবাসী, তার স্ত্রী ও ১৮ মাস বয়সী কন্যাসন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে স্বজনরা তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরের ভেতরে গিয়ে আকরাম হোসেন (৪০), তার দ্বিতীয় স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার (২২) ও তাদের শিশুকন্যা এলিজার লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা জানান, আকরাম হোসেন দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন এবং মাত্র এক সপ্তাহ আগে তিনি দেশে ফেরেন। ঘটনাটি কীভাবে ঘটেছে বা তাদের মৃত্যুর মূল কারণ কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের কেউ কেউ পারিবারিক কলহের কথা বললেও এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
আকরামের স্বজন মামুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী ও শিশুসন্তানকে শ্বাসরোধ বা অন্য কোনোভাবে হত্যার পর আকরাম নিজে আত্মহত্যা করে থাকতে পারেন।
বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ওসি মনির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে। লাশগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—সেটি খতিয়ে দেখতে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

