২৬ বছর পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে র্যাবের সহযোগিতায় রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানার পুলিশ।
গ্রেপ্তার হওয়া কালাম (৪৩) উপজেলার চরলক্ষ্মীয়া গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি পাকুন্দিয়া থানা পুলিশের সর্বোচ্চ অর্জন। ২৬ বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, ২০০১ সালে একই গ্রামের সমবয়সি সোহেল মিয়াকে ছুরিকাঘাতে খুন করেন কালাম। এ ঘটনায় নিহতের বাবা জসীম উদ্দিন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ২০১০ সালে আদালত কালামকে মৃত্যুদণ্ডাদেশ দেন। হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন কালাম।
সম্প্রতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে কালামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এর পরিপ্রেক্ষিতে পাকুন্দিয়া থানার পুলিশ র্যাবের সহযোগিতায় সোমবার দিবাগত রাতে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

