নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে চারটায় উপজেলার চরলাখপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো সন্ধান না পেয়ে পরদিন সকাল পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিস।
নিখোঁজ ব্যক্তিরা হলেন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার মো. ওবায়দুল্লাহ (৩৮), শিবপুর উপজেলার মোসা. শান্তা (১৬), এবং সৌরভ, টাঙ্গাইল জেলার মো. শান্ত (২৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তাদের মধ্যে তিনজন গভীর পানিতে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভও নদীতে তলিয়ে যায়। বিষয়টি সঙ্গে থাকা লোকজন দেখতে পেয়ে স্থানীয়দের জানালে তারা নদীতে নেমেও তাদের কোনো সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা সাড়ে পাঁচটায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাড়ে ছয়টা পর্যন্ত অভিযান চালায়। কিন্তু সন্ধান না মেলায় রাত ৮টার দিকে অভিযান সকাল পর্যন্ত স্থগিত করা হয়।
শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সকালে ভৈরব থেকে ডুবুরি দল এলে আবার উদ্ধার অভিযান শুরু হবে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া বলেন, সাঁতার না জানায় তারা নদীতে তলিয়ে গেছেন। ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার অভিযান সমন্বয় করছি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

