দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘দীর্ঘদিনের সমস্যা দুই তিন মাসের মধ্যে সমাধান করা সম্ভব নয়। বিমানের যেসব জটিলতা আছে, সেগুলো থেকে যেন আমরা দ্রুত বের হয়ে আসতে পারি, সেই চেষ্টা করছি। বিমানকে সুনামের জায়গায় নিয়ে যাওয়ায় আমাদের মূল লক্ষ্য।’

বিজ্ঞাপন

শনিবার সকালে মানিকগঞ্জ শহরের হরিজন পল্লি পুরাতন লঞ্চঘাট এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘যারা প্রবাসী আছে তারা যেন আরো সুযোগ-সুবিধা পায়, সেটা আমার মূল কাজ। সেই কাজটাই করার চেষ্টা করছি। বিগত সময়ে বিমানবন্দরে যে অবস্থা ছিল তার চাইতে এখন অনেকটাই ভালো আছি। আমাদের মন্ত্রণালয়ের সুনাম নষ্ট করার জন্য কিছু অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের এই প্রতিষ্ঠানের মূল কাজটাই হচ্ছে প্রবাসী ভাই-বোনদের নিয়ে। আমার প্রবাসী ভাই-বোনরা যেন ভালো থাকে এবং তারা দেশের মাটিতে পা দিয়ে যেন বুঝতে পারে যে আমি আমার নিজের দেশে এসেছি।’

বিমানমন্ত্রী এ সময় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের লোকদের নানা সমস্যার সমাধানে আশ্বাস দেন এবং তাদের সন্তানরা যেন ভালো চাকরি পায় সে ব্যাপারেও তিনি আশ্বস্ত করেন।

ড্যাবের জেলা সভাপতি ডা. বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমানের সঞ্চালনায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

জেলা জিয়া পরিষদ ও জিয়া স্মৃতি পাঠাগারের সার্বিক সহযোগিতায় ঔষধ বিতরণ, ডায়াবেটিস, ব্লাড গ্রুপ পরীক্ষা, শিশুদের চিকিৎসা, চর্ম রোগ, সার্জারি, অর্থোপেডিক্স, গাইনি, নাক কান গলা, কিডনি, ব্লাড প্রেসার, হৃদরোগ, ক্যান্সার, ডেন্টালসহ আরো বেশ কিছু রোগের চিকিৎসা সেবা দেয়া হয়। এ সময় অনেকেই স্বেচ্ছায় রক্ত দান করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে রবিদাস ও হরিজন সম্প্রদায়সহ স্থানীয় হাজারো মানুষ এই ফ্রি সেবা গ্রহণ করেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আ ত ম জহির আলম লদি, আ ফ ম নুরতাজ আলম বাহার, আজাদ হোসেন খান, সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...