ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে মাদারীপুরের শিবচরে ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে সিয়াম হাওলাদার নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যার দিকে শিবচর উপজেলার কুতুবপুর এলাকার খালেক ফকির বাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম হাওলাদার (১৯) কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার হারুন হাওলাদারের ছেলে।
জানা গেছে, সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে কুতুবপুরের দিকে যাচ্ছিল সিয়াম। পথিমধ্যে খালেক ফকির বাজার এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারি চালিত ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।
এ সময় চালক সিয়াম ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, মোটরসাইকেলটি দ্রুত গতিতে এসে ভ্যানের ওপর উঠে যায়। দ্রুত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতাবস্থায় একজনকে শিবচর হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে খবর পাই সেখানে তার মৃত্যু হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

