গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলুর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ এবং উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন সুলতানার বসতবাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি ফকির মজনু শাহ সেতুর পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব মামুনুর রশীদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরা।
এ সময় বক্তব্য দেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম হোসেন আরজু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সোলায়মান মোল্লা, তরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফরিদ শেখ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশিরসহ অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলুর বাড়িতে রাতের আঁধারে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর এক সপ্তাহ আগে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন সুলতানার বসতবাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তাঁরা।
ভুক্তভোগীদের পক্ষ থেকে পৃথক মামলা করা হলেও এখনো কোনো অপরাধী শনাক্ত বা গ্রেপ্তার হয়নি বলে সমাবেশে অভিযোগ করা হয়।
বক্তারা এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। আগামী এক সপ্তাহের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
প্রয়োজনে আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান কাপাসিয়ার ওপর দিয়ে কিশোরগঞ্জ যাওয়ার পথে তাঁর দৃষ্টি আকর্ষণ করে এসব ঘটনার বিচার দাবি করা হবে বলেও সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

