মাদক আগ্রাসনের প্রভাব

বাড়ছে চুরি ডাকাতি ছিনতাই খুনসহ নানা অপরাধ

বাড়ছে চুরি ডাকাতি ছিনতাই খুনসহ নানা অপরাধ

দেশে মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। কিশোর ও তরুণেরা মাদকাসক্ত হয়ে পড়ছে। এতে বাড়ছে মাদকাসক্তদের পরিবারে অশান্তি। সন্তানকে মাদক সেবনের টাকা দিতে না পারায় খুন হচ্ছে বাবা ও মা । মাদকের অর্থ জোগাতে বাড়ছে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ। এসব অপরাধ নির্মূলে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ।

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, মানিকগঞ্জের সিংগাইর থানার পুলিশ চুরি, মাদক সেবন, মাদক বিক্রি, ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত ও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে চারজন নারীসহ ২২ জন আসামিকে আটক করে মঙ্গলবার দুপুরে কোর্টে পাঠানো হয়েছে বলে জানান থানার ওসি মো. মাজহারুল ইসলাম। সিংগাইর থানা সূত্রে জানা যায়, গত সোমবার থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে পুলিশ ।

বিজ্ঞাপন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে নেশার টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা মামলার আসামি পলাতক ছেলে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সাইটালিয়া এলাকায় প্রতিবেশীর বাড়িতে মোবাইল ফোন চার্জ দিতে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, বাবাকে হত্যার পর থেকে আনোয়ার পলাতক ছিলেন। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় মাদকসেবী সাদ্দাম হোসেনের ছুরিকাঘাতে রবিন্দ্র ঋষি নামের এক সেলুন ব্যবসায়ী খুন হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ অভিযান চালিয়ে হত্যাকারী সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায় জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট পোশাক কারখানার সামনে মুক্তিযোদ্ধা মার্কেটে।

বাগেরহাট প্রতিনিধি জানান, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে বাগেরহাটে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকির।

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি জানান, বন্দরনগরী বাগেরহাটের মোংলায় মাদকের সহজলভ্যতা, জুয়ার বিস্তার ও চুরির অভিযোগকে ঘিরে বাড়ছে উদ্বেগ। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডসহ উপজেলার সুন্দরবন, চিলা, সোনাইলতলা, চাঁদপাই, বুড়িরডাঙ্গা ও মিঠাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইয়াবা ও গাঁজার রমরমা বেচাকেনা চলছে। মোংলা থানার ওসি আতিকুর রহমান আমার দেশকে বলেন, মাদকের বিরুদ্ধে মোংলা থানা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর।

পরশুরাম (ফেনী) প্রতিনিধি জানান, ফেনীর সীমান্তবর্তী উপজেলা পরশুরামে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন সময়ে মাদক উদ্ধার ও কারবারের অভিযোগে ব্যক্তিদের গ্রেপ্তার করা হলেও মাদক নিয়ন্ত্রণে আরো কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই যুবকের অস্বাভাবিক আচরণের ভিডিও ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছে জম্বি ড্রাগ।

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনা জেলার পাথরঘাটায় গত দুই দিন মাদক, কিশোর গ্যাং এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের বাহুবল উপজেলায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় জনমনে চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। মাদকের বিস্তার, প্রত্যন্ত এলাকায় জুয়ার আসর, চুরি-ডাকাতি, খুন-রাহাজানি এবং সরকারি মহাল থেকে কোটি টাকার সিলিকা বালু ও গাছ পাচার চলছে প্রকাশ্যে। ‎এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি রুহুল আমিন তালুকদার বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশ জিরো ট্রলারেন্স গ্রহণ করেছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে এক দম্পতির বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে । এ ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। মানববন্ধন থেকে বক্তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়াংস্টার হেল্পিং সোসাইটি’র উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইন, আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল ১০টায় সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মুরসালিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সদস্য ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন