বোয়ালমারীতে কুমার নদে নৌকাবাইচ অনুষ্ঠিত

বোয়ালমারীতে কুমার নদে নৌকাবাইচ অনুষ্ঠিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বার্ষিক নৌকাবাইচ। শনিবার বিকেল সাড়ে ৪টায় রাজাপুরের কুমার নদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ উপলক্ষ্যে সকাল থেকেই পুরো এলাকায় বিরাজ করছিল উৎসবমুখর আমেজ। বিকেল গড়াতেই নদীর দুই পাড়ে সমবেত হতে থাকেন নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দূর-দূরান্ত থেকেও অসংখ্য দর্শনার্থী ছুটে আসেন গ্রামবাংলার এই চোখজুড়ানো ঐতিহ্য উপভোগ করতে।

নৌকাবাইচ শুরু হতেই মুহূর্তের মধ্যে বদলে যায় কুমার নদের চিরচেনা দৃশ্য। পানির বুক চিরে একে একে গতি বাড়িয়ে ছুটে চলে প্রতিযোগিতায় অংশ নেওয়া সুসজ্জিত নৌকাগুলো। মাঝিদের তালে তালে বৈঠার আঘাতে নদীর পানি যেন ছন্দে নেচে ওঠে। নদীর তীরে দাঁড়িয়ে থাকা দর্শকদের মুহুর্মুহু করতালি ও উৎসাহে জমজমাট হয়ে ওঠে প্রতিযোগিতা। শুধু পাড়েই নয়, ছোট-বড় নৌকা ও ট্রলার ভাড়া করে নদীতে নেমেও আনন্দে মেতে ওঠে তরুণ ও কিশোরেরা। স্পিকারে গান বাজিয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাদের। সব মিলিয়ে রাজাপুরের কুমার নদ পরিণত হয় এক মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল ইসলাম।

মো. ফিরোজ মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদুজ্জামান মাসুদ, বোয়ালমারী থানার ওসি মুস্তাফিজুর রহমান, ওসি (তদন্ত) সহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, সহসভাপতি মো. ফজর খাঁ, চিতার বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাকিল মোল্লা এবং মো. মনির মেম্বরসহ আয়োজক কমিটির অন্য নেতৃবৃন্দ।

প্রতিযোগিতায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গাদূর্গাপুর গ্রামের শফিকের ‘বাংলার টাইগার’ নৌকা প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান অর্জন করে বোয়ালমারী সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সত্তার ফকিরের ‘ভাই ভাই জলপরী’ এবং তৃতীয় স্থান লাভ করে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হুগলাকান্দীর আড়পাড়া গ্রামের ওসমান শেখের ‘সোনার তরী’।

আয়োজকেরা জানান, গ্রামীণ বাংলার হারিয়ে যেতে বসা লোকজ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই প্রতি বছর এ নৌকাবাইচের আয়োজন করা হয়। পাশাপাশি এই বাইচকে ঘিরে বসে এক দিনের বর্ণাঢ্য গ্রামীণ মেলা, যা এলাকার সর্বস্তরের মানুষের মাঝে সৌহার্দ্য ও আনন্দের আমেজ ছড়িয়ে দেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন