নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে (৫৫) বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার কাশীপুর এলাকার খিল মার্কেট সংলগ্ন গোয়ালবন্দ এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গডফাদার শামীম ওসমানের অনুসারী হাবিব বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে কাশীপুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।
পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানার এসআই হামিদুর রহমান ও এএসআই মো. জুয়েলের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী সংক্রান্ত একটি মামলা রয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের সঙ্গে সক্রিয়ভাবে অংশ নেন।
সূত্র জানা যায়, শামীম ওসমানের ঘনিষ্ঠ ও আস্থাভাজন হাবিব একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সরকারি তুলারাম কলেজে ছাত্রলীগের ছাত্র ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এসআই হামিদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার নিয়মিত মামলা রয়েছে। আগামীকাল (শনিবার) তাকে আদালতে পাঠানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

