আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আইভীর জামিন আবেদন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

আইভীর জামিন আবেদন নামঞ্জুর

নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নাঞ্জুর করেছেন আদালত। ইন্টিরিয়র মিস্ত্রী সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার মামলায় তাকে শ্যোন এরেস্ট দেখিয়েছিল পুলিশ। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এই মামলায় দুই দফায় তার জামিন আবেদন নামঞ্জুর করা হলো। এর আগে গত ৫ মার্চ নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, মামলার এজাহারে আইভীর নাম নেই। মামলার তদন্তকারী কর্মকর্তা মনগড়াভাবে ও হয়রানি করার জন্য আইভীকে এই মামলায় গ্রেপ্তার দেখায়। আমরা আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন। আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্টের আবেদন করেন। ২০২৪ সালের ৩০ জুন কৃষক ওয়াজেদ আলী বাদি হয়ে ইন্টিরিয়র মিস্ত্রী সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই চিটাগাং রোড এলাকায় ডার্চ বাংলা ব্যাংকের নিচতলায় অগ্নিসংযোগ ঘটে। এতে ব্যাংকের ইন্টিরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মন্ডলসহ তিন শ্রমিক আগুনে পুড়ে মারা যায়।

তার আগে বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলাসহ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলায় ২৬ ফেব্রুয়ারি দুপুরে জামিন পান সেলিনা হায়াৎ আইভী ।

উল্লেখ্য গত বছরের ৯ মে ভোর রাতে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সেই সঙ্গে গত বছরের নভেম্বর মাসে হাইকোর্ট ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন দিয়েছিলেন। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। পরে ১৮ নভেম্বর তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা ও সদর থানায় দায়ের করা আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...