গণঅভ্যুত্থানে চোখ হারানো হিমেলের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

গণঅভ্যুত্থানে চোখ হারানো হিমেলের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের ছররা গুলিতে এক যুবকের দুই চোখ অন্ধ হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এবং গাড়াইল ত্রিমোহন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (৪৮) এবং উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রাব্বি সাদ (২৫)।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেল গুরুতর আহত হন এবং পরবর্তীতে তার দুই চোখের দৃষ্টিশক্তি হারান।

এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় পুলিশ সদস্য, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলার তদন্তে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়ার পর মির্জাপুর থানার উপপরিদর্শক হাফিজুর রহমান ও হাবিবুর রহমান অভিযান চালিয়ে সোহেল রানা ও আব্দুর রাব্বি সাদকে গ্রেপ্তার করেন।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মামলার তদন্তে তাদের নাম উঠে আসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন