টাঙ্গাইলের মির্জাপুরে নির্যাতন ও ধর্ষণের শিকার হয়ে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। গত ২২ জুলাই রাতে উপজেলার তরফপুর ইউনিয়নের দরানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রোববার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ জুলাই রাতে ১২-১৩ বছর বয়সি ছোট ছেলেকে নিয়ে বাড়িতে ছিলেন প্রবাসীর স্ত্রী। ওই রাতে প্রতিবেশী তোতা মিয়ার ছেলে মালয়েশিয়া প্রবাসী আরিফ জোরপূর্বক তার ঘরে ঢোকেন। পরে তাকে মারধর ও ধর্ষণ করে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে গাজীপুরের কালিয়াকৈরে নানাবাড়ি থেকে বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর বড় ছেলে বাড়িতে আসেন। গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ওপর নির্যাতন ও ধর্ষণের ঘটনা স্বজনদের কাছে বর্ণনা করেছেন বলে জানা গেছে।
এদিকে, এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার ময়নাতদন্ত শেষে লাশ গাজীপুরের কালিয়াকৈরে বাবার বাড়িতে নিয়ে দাফন করা হয়েছে।
স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে শুক্রবার মালয়েশিয়া থেকে দেশে ফেরেন সাইদুল ইসলাম। তিনি আরিফকে একমাত্র আসামি করে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আরিফকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

