গোপালগঞ্জের কাশিয়ানীতে ধর্মীয় অনুভুতিতে আঘাত এবং মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনগণ। সমাবেশে বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং নবীজি সম্পর্কে কটূক্তিকারীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন।
মঙ্গলবার বেলা ১১টায় কাশিয়ানী ওলামা ঐক্য পরিষদের আয়োজনে উপজেলার শহীদ মিনার চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত সোমবার কাশিয়ানী সদর ইউনিয়নের পোনা গ্রামের বাসিন্দা জগলুল হায়দার শাহিন ফেসবুকে মহানবী হজরত মুহম্মদ (সা.) এবং তার সম্মানিত স্ত্রীদের নিয়ে অশ্লীল পোস্ট করেন। এছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বিভিন্ন পোস্ট শেয়ার করেন। এতে এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসীর প্রতিবাদে তাকে গ্রেপ্তার করে কাশিয়ানী থানা পুলিশ।
সমাবেশে ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুল করিম বলেন, সারা দেশে কিছুদিন পরপর এ ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটতে থাকে। এতে ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এ বিক্ষোভ শুধু কাশিয়ানীতে সীমাবদ্ধ থাকবে না, সারা দেশে ছড়িয়ে পড়বে।
বিক্ষোভকারীরা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার ও প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ সময় এলাকার বিভিন্ন মাদরাসার শিক্ষক, আলেম-ওলামা ও তাওহীদি জনতা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।
সমাবেশ থেকে সামাজিক স্থিতিশীলতা বিনষ্টকারী দেশীয় কুচক্রী এবং এদের মদতদাতা বিদেশি শক্তির ব্যাপারে সতর্ক হওয়ার অনুরোধ জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


