শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের বিলদেওনিয়া এলাকায় খিচুড়ি আয়োজনকে কেন্দ্র করে পুলিশি অভিযানের ঘটনায় দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে জড়ো হওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানা পুলিশ বিলদেওনিয়া এলাকায় অভিযান চালায়। পুলিশ জানায়, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে খিচুড়ি আয়োজনের নামে একত্রিত হয়েছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত অনেকে রান্না করা খিচুড়ি ও অন্যান্য সামগ্রী ফেলে দ্রুত সরে যান।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে বিলদেওনিয়া এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম (২২) ও জোবায়ের ইসলাম অনিক (২১)-কে আটক করা হয়। স্থানীয় সূত্রে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, সাম্প্রতিক সময়ে এলাকায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও জমায়েতের বিষয়ে সতর্ক নজরদারি চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা অনেকেই পালিয়ে যায়। সেখান থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আরও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

