গাজীপুরের টঙ্গীর পাগার এলাকার একটি আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর পাগার আলেকটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে নাজমুলের বাড়ির ওপর নজরদারি করছিল পুলিশ। পরে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বাড়িতে গড়ে তোলা ইয়াবা তৈরির এই কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও কেমিক্যাল বা রাসায়নিক উপাদান জব্দ করা হয়।
নাজমুল ইসলাম বাপ্পির দাবি, প্রেমের বিরহে নিঃস্ব হয়ে পড়ার পরই তিনি ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা করেন। পরে ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে ইয়াবা তৈরি শুরু করেন।
স্থানীয়রা জানান, নাজমুল ওই এলাকার বাসিন্দা তাইজুল ইসলামের বড় ছেলে। কয়েক বছর আগে বিদেশ থেকে দেশে ফেরার পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, কারখানাটিতে বিভিন্ন রাসায়নিক উপাদান ও যন্ত্রপাতি পাওয়া গেছে। এগুলো ব্যবহার করে বড় পরিসরে ইয়াবা তৈরির পরিকল্পনা চলছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

