আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুই ঘণ্টা পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

দুই ঘণ্টা পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে আজ রোববার (৮ মার্চ) সকাল ৭টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ থাকার প্রায় দুই ঘণ্টা পর আবার স্বাভাবিক হয়েছে।

ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতের শেষ ভাগ থেকে পদ্মা নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। ভোরের দিকে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যাওয়ায় নদীতে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। ফলে নৌপথের মার্কিং বাতি ও চ্যানেল সঠিকভাবে দেখা যাচ্ছিল না। এতে নৌচলাচলে নিরাপত্তাজনিত ঝুঁকি সৃষ্টি হওয়ায় কর্তৃপক্ষ সকাল ৭টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞাপন

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেট কার, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে চালক ও যাত্রীদের মধ্যে কিছুটা ভোগান্তি ও উদ্বেগ দেখা দেয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম তপু জানান, ঘন কুয়াশার কারণে নদীতে দৃশ্যমানতা কমে যাওয়ায় সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলে সকাল ৮টা ৫০ মিনিটে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

বর্তমানে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...