ইসলামিক এডুকেশন সোসাইটির (আইইএস) উদ্যোগে দেশব্যাপী জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার নারায়ণপুর ডিএস কামিল মাদরাসা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের পরীক্ষায় নবীনগর উপজেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মোট ৩০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৫টি হাইস্কুল, ১৩টি প্রাথমিক বিদ্যালয়, ৪টি কিন্ডারগার্টেন এবং ১টি মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
পরীক্ষা আয়োজন কমিটির সদস্য আব্দুল কাইয়ুম জানান, পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, ধর্ম বা আরবি এবং সাধারণ জ্ঞান বিষয়ে মোট ১০০ নম্বরের প্রশ্ন ছিল। কৃতকার্য মেধাবী শিক্ষার্থীদের ট্যালেন্টপুল গ্রেডে ১,৫০০ টাকা এবং সাধারণ গ্রেডে ১,০০০ টাকাসহ সনদপত্র প্রদান করা হবে।
পরীক্ষায় অংশগ্রহণকারী আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা জাহান বলে, উপজেলার শত শত শিক্ষার্থীর সঙ্গে এমন একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে।
অভিভাবক শহিদুল হক বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে দারুণভাবে অনুপ্রেরণা জোগাবে বলে আমি আশা করছি।
নারায়ণপুর ডিএস কামিল মাদরাসার প্রিন্সিপাল ও কেন্দ্র সচিব মুফতি রফিকুল ইসলাম বলেন, এই পরীক্ষাটি শিক্ষার্থীদের মেধা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আসন্ন প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি হিসেবে এটি বিশেষ ভূমিকা রাখবে।
আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান বলেন, এই মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
আলিয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ বলেন, পরীক্ষার কোনো বিকল্প নেই। এই পরীক্ষার আয়োজন করায় শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি বাড়তি আগ্রহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে।
কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

