জনগণের ভোটের রায় উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের সঙ্গে প্রতারণা ও মিথ্যাচার করে তাদের মতামতকে অগ্রাহ্য করার চেষ্টা মেনে নেওয়া হবে না। গণভোটের গণরায় বাস্তবায়নসহ ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে।
শনিবার সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখী লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে এ পথসভার আয়োজন করা হয়।
পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণ ভোট দিয়েছে, কিন্তু সরকার সেই রায় মানছে না। সরকার জনগণকে অপমান করছে। তাদের সঙ্গে প্রতারণা করছে, ধোঁকা দিচ্ছে এবং মিথ্যাচার করছে। আমরা এসব মেনে নেব না।’
সাত দফা দাবি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জামায়াত আমির বলেন, জনগণ পাশে থাকলে এসব দাবি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ‘আমরা কথা দিচ্ছি, জনগণ আমাদের সঙ্গে থাকলে এই সাত দফা দাবি বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। সাত দফার প্রথম দাবি হলো গণভোটের গণরায় বাস্তবায়ন।’
সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আমরা মানব না, এই জাতিও মানবে না। এই জাতি খালি হাতে বুকে গুলি নিয়েছে। সেই জাতি কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। আপনারা শক্ত থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের দাবি আদায় হবে, ইনশাআল্লাহ।’
এ সময় সাত দফা দাবি আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আন্দোলনের লক্ষ্য অর্জনে সবাইকে দৃঢ় অবস্থান বজায় রাখারও আহ্বান জানান জামায়াত আমির।
পথসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।
উল্লেখ্য, ১১ দলীয় ঐক্যের ঘোষিত সাত দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধ করা।
এসব দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করছে ১১ দলীয় ঐক্য।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-b37382-720x405.webp)