জাজিরায় দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, নিহত ১

জাজিরায় দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, নিহত ১

শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মান্নান সরদার (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রিপন মোল্লা নামে এক ব্যক্তির একটি হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার সন্ধ্যায় উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত মান্নান সরদার পার্শ্ববর্তী সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার মৃত আলিউদ্দিন সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লাউখোলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রেজাউল শিকদার ও তার সমর্থকদের সঙ্গে তমিজ খাঁ ও তার সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে।

এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে রেজাউল শিকদারের সমর্থক মান্নান সরদারকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, তমিজ খাঁর সমর্থক রিপন মোল্লা হাতবোমার বিস্ফোরণে গুরুতর আহত হন। বিস্ফোরণে তার একটি হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমান বাদশাহ বলেন, বোমা বিস্ফোরণের আঘাত নিয়ে দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনের হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়েছে। অন্যজনকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, জাজিরায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন