নারায়ণগঞ্জের ফতুল্লায় ২৪ ঘণ্টার ব্যবধানে আবারো গ্যাস লিকেজ বিস্ফোরণে এক পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার লাকিবাজার এলাকায় শওকত মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি গ্যাসের বিস্ফোরণ নাকি অন্য কোনো কারণে ঘটেছে সেটি তদন্তের পর বলা যাবে।
সরেজমিনে দেখা যায়, তাদের ঘরের আসবাবপত্র ও ফ্রিজ অক্ষত রয়েছে। তবে ঘরের দরজা জানালা বিস্ফোরণে ভেঙে গেছে। স্থানীয়দের ধারণা, ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটতে পারে।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, আব্দুল কাদেরের ৫৭শতাংশ, তার তিন ছেলের মধ্যে মেহেদির ১৮ শতাংশ দগ্ধ, সাকিবের ১৭ শতাংশ দগ্ধ, রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি দেওয়া হয়েছে।
এর আগে রোববার কুতুবপুর এলাকায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

