গাজীপুরের কালিয়াকৈরে রাস্তায় ডাকাতি, নিহত ১ আটক ২

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরে রাস্তায় ডাকাতি, নিহত ১ আটক ২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় ডাকাতরা এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। এ সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে দুই ডাকাতকে ধরে গণপিটুনির পর পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বড়ইবাড়ী-জামালপুর সড়কের হাটুরিয়াচালা এলাকায়।

বিজ্ঞাপন

নিহত সজীব হোসেন (৩৮) হলেন, কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের গাবচালা এলাকার মুক্তার আলীর ছেলে । তিনি এলাকায় মাটি সাপ্লাইয়ের ব্যবসা করতেন। এতে রয়েল মিয়া নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মাটি ব্যবসায়ী সজীব হোসেন ও রয়েল মিয়া বৃহস্পতিবার রাত ৮টায় মোটরসাইকেলে টাকা আনতে হাটুরিয়াচালা বাজারে যাচ্ছিলেন। যাওয়ার পথে বড়ইবাড়ী-হাটুরিয়া চালা সড়কে বনের ভেতরে একদল ডাকাত তাদের গতিরোধ করে। এ সময় তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। কিন্তু ডাকাতরা সজীব হোসেনকে ধরে ফেলে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই সজীব নিহত হয়। এ সময় রয়েল দৌড়ে গিয়ে ডাকাত পড়েছে বলে চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসে। এলাকাবাসী ডাকাত দলের দুই সদস্যকে ধরে গণপিটুনি দেয়। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত দলের দুই সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। আহত এক ডাকাতকে সফিপুর মর্ডান হাসপাতালে, অপরজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াদ মাহমুদ বলেন, ডাকাত দলের হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছে। এলাকাবাসী ডাকাত দলের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন