কিশোরগঞ্জে ভৈরব পৌরসভার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নবী হোসেন (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে পৌর শহরের পঞ্চবটী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভৈরব থানার ওসি লিমন বোসের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছের জানাজা শেষে কফিনে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ব্যক্তিদের একাংশ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরে ভিডিও ফুটেজ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে স্লোগান দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে নবী হোসেনকে গ্রেপ্তার করা হয়।
অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ ভৈরবের রাজনৈতিক অঙ্গনের পরিচিত ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেন। তাঁর জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
এদিকে একই রাতে আওয়ামী লীগের একাধিক নেতার বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। তাদের দাবি, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ মুক্তিযুদ্ধের প্রেরণার স্লোগান। ফখরুল আলম আক্কাছ একজন বীর মুক্তিযোদ্ধা হওয়ায় তাঁকে সম্মান জানাতে নেতা-কর্মীরা এই স্লোগান দেন।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু বলেন, দলের কার্যক্রম নিষিদ্ধ হলেও মুক্তিযুদ্ধের প্রেরণার এই স্লোগান নিষিদ্ধ করা হয়নি। তাই এ স্লোগান দেওয়ার অভিযোগে কাউকে গ্রেপ্তার এবং বাড়ি বাড়ি অভিযান চালানো অনাকাঙ্ক্ষিত।
তবে নবী হোসেনকে গ্রেপ্তারের বিষয়ে কথা বললেও আওয়ামী লীগের অন্যান্য নেতার বাড়িতে পুলিশের অভিযান চালানোর অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ওসি (তদন্ত) লিমন বোস।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

