বর্তমান বিএনপি সরকারের সিদ্ধান্তে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
রোববার (২২ ফেব্রুয়ারি) বর্তমান সরকারের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে। একই চিঠিতে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, খুলনা, সিলেট ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকও নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১)-এর অনুবৃত্তিক্রমে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পান করবেন।
জানা গেছে, সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং নাগরিক সেবা কার্যক্রম গতিশীল করতে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
শওকত হোসেন সরকার প্রথমে ছাত্রদলের রাজনীতিতে জড়িত হন পরবর্তীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে দায়িত্বশীল ভূমিকা পালন করেন। তার পিতা গিয়াস উদ্দিন সরকার ছিলেন কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পরবর্তীতে শওকত হোসেন সরকার একাধিকবার কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামী অংশ নেন এবং বিভিন্ন সময় জেল জুলুমের শিকার হন। তার দায়িত্বশীল ভূমিকার জন্য বিএনপি তাকে গাজীপুর মহানগর বিএনপি'র সভাপতি নির্বাচিত করেন।
এ বিষয়ে শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করা হবে। তিনি বলেন গাজীপুর মহানগর কে গ্রীন সিটি এবং ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা হবে। সন্ত্রাসী কার্যক্রম ও মাদকের বিরুদ্ধে থাকবে দৃঢ় অবস্থা। সকল উন্নয়ন কার্যক্রমও জবাবদিহির আওতায় আনা হবে। নগরের পরিচ্ছন্নতা, মশা নিধন, অবকাঠামো উন্নয়ন ও সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

