ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জের সানোয়ার হোসেনের ছেলে সাব্বির হোসেন (৩৪), আব্দুল হামিদ সরকারের ছেলে সিহাব সরকার (২৭) এবং মৃত ইমান আলী সেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত ১৯টি মোবাইল ফোন, যাত্রীর কর্মস্থলের আইডি কার্ড ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
সোমবার বেলা ১১টার দিকে পুলিশ সুপার মিজানুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, রোববার রাতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ডিবি ও সদর পুলিশের টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। অন্য ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে আল ইমরান পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। পরদিন বুধবার বিকালে বাসের যাত্রী মিনু মিয়া বাদী হয়ে অজ্ঞাত ৮-৯ জনকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

