ফরিদপুরের সদরপুর উপজেলার ভুবনেশ্বর নদ থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৯টায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরকৃষ্ণপুর গ্রামের শ্মশানঘাট সংলগ্ন ওই নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কৃষ্ণপুর চিতাখোলা শ্মশানের পেছনে ভুবনেশ্বর নদে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি সদরপুর থানা পুলিশকে জানানো হলে সদরপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন শাহ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। লাশ মারাত্মকভাবে পচে-গলে বিকৃত হয়ে যাওয়ায় সেটি পুরুষ নাকি নারীর, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
সদরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন শাহ্ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আনুমানিক ৬-৭ দিন আগে লাশ নদে ফেলা হয়েছে বা ভেসে এসেছে। ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টের ফলাফল হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ এবংবিস্তারিত রহস্য জানা যাবে।
পুলিশ লাশের পরিচয় শনাক্তকরণসহ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

