কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণকে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুইজনের মৃত্যুর পর বাড়িঘরে চলছে লুটপাট-অগ্নিসংযোগ। মঙ্গলবার সকাল থেকে আকবরনগর গ্রামে ৫০ থেকে ৬০টি বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
তারা জানান, মামলার ভয়ে সংঘর্ষ থামার পর সোমবারই আকবরনগর গ্রামের বাসিন্দারা বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। এরপর জনশূন্য বাড়িঘরে প্রতিপক্ষের লোকজন লুটপাট ও অগ্নিসংযোগ করে।
ভৈরব থানার ওসি লিমন বোস বলেন, গতকালের ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়িঘরের ধ্বংসস্তূপে অতিউৎসাহী কিছু লোকজন আগুন দিচ্ছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুইজন নিহতের ঘটনায় মামলা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ওসি লিমন বোস বলেন, এখনো মামলা হয়নি। ময়নাতদন্ত শেষে লাশ এলাকায় আনা হয়েছে। বাদ আছর জানাজা হওয়ার কথা রয়েছে। পরে স্বজনরা আইনি প্রক্রিয়ায় যেতে পারেন।
এর আগে সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়। এ সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। নিহতরা হলেন মিরারচর গ্রামের মাসুদ মিয়া ও হিরণ মিয়া।
খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান শেলীর নেতৃত্বে রিজার্ভ পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের কারণে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল এবং ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পথে চলাচলকারী হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েন। সড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের মাঝখান দিয়ে যাওয়া সড়কের বাসস্ট্যান্ড বাজারটির নাম ‘আকবরনগর’ , নাকি ‘মিরারচর’ হবে—এ নিয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা চলে আসছে।
সর্বশেষ গত কয়েকদিন ধরে আবারও উত্তেজনা দেখা দিলে স্থানীয় সংসদ সদস্য ও পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলমের উপস্থিতিতে রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই গ্রামের লোকজনকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় কোনো পক্ষকে উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান জানানো হয়। পাশাপাশি তিন দিনের মধ্যে সমাধানের পথ বের করতে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
তবে পরদিন সোমবার সকালে সভার সিদ্ধান্ত উপেক্ষা করে উভয় পক্ষের শত শত লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুইজন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

