নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, ৯ পুলিশসহ আহত ১১

নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, ৯ পুলিশসহ আহত ১১

মজুরি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করলে শ্রমিকরাও ইট-পাটকেল ছুঁড়ে। এসময় জেলা পুলিশের ৩ জন ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ৬ সদস্য গুরুতর আহত হয়েছে। এছাড়া পুলিশের লাঠিচার্জে দুই শ্রমিক আহত হন।

বিজ্ঞাপন

মঙ্গলবার বেলা আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবস্থান নিয়ে তারা অবরোধ কর্মসূচি পালন করেন।

এ সময় শ্রমিকেরা সড়কে অগ্নিসংযোগ ও বেশ কিছু গাড়ি ভাঙচুর করেন। বিকেল ৫টার দিকে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করলে শ্রমিকেরাও ইটপাটকেল ছোড়ে। এ সময় এক পুলিশ সদস্য গুরুতর আহত হন। এ ছাড়া পুলিশের লাঠিচার্জে এক শ্রমিক আহত হন।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান জানান, শ্রমিকেরা রাস্তা অবরোধ করলে প্রথমে আমরা তাদের বুঝিয়ে শান্তিপূর্ণভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। পরবর্তীতে শ্রমিকেরা সড়কে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর শুরু করলে বিকেল ৫টায় তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শ্রমিকদের ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি শান্ত থাকলেও দুপুরের পর হঠাৎ করেই উত্তেজিত হয়ে পড়েন শ্রমিকরা। কাজে যোগ না দিয়ে একত্রিত হয়ে আবারো আন্দোলন শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মধ্যাহ্নবিরতির পর কাঠের পুল এলাকার আবির ফ্যাশনের শ্রমিকেরা কারখানায় প্রবেশ না করে গেটের বাইরে দাঁড়িয়ে জড়ো হতে শুরু করেন। একপর্যায়ে তারা পার্শ্ববর্তী মাইক্রো ফাইবারের শ্রমিকদের উসকে দিয়ে কারখানা ছুটি দিতে বাধ্য করেন। এরপর মেট্রো নিটওয়্যার ও আজাদ নিট কম্পোজিটের শ্রমিকদেরও আন্দোলনে যোগ দিতে বাধ্য করেন তারা। এরপরে একে একে পুলিশ লাইনস এলাকার কয়েকটি কারখানার হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে আসেন।

বেলা আড়াইটার দিকে শ্রমিকেরা একত্রিত হয়ে কাঠের পুল থেকে মিছিল নিয়ে শিবু মার্কেট এলাকার দিকে অগ্রসর হন। পুলিশ প্রধান সড়কের প্রবেশ মুখ বন্ধ করে দিলেও ব্যারিকেড ভেঙে মূল সড়কে প্রবেশ করেন শ্রমিকেরা। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার কারণে দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকেরা চড়াও হন। তার শিবু মার্কেট থেকে লাঠি হাতে মিছিল নিয়ে জালকুড়ির দিকে এগোতে থাকেন। এ সময় সড়কে থাকা পুলিশের সাজোয়া যানের কাছে ঝুটের মধ্যে আগুন লাগিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। বিকেল ৫টার দিকে পুলিশ উত্তেজিত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হন।

শ্রমিক আন্দোলন ঠেকাতে সকাল থেকেই ওই এলাকায় বিপুল পরিমাণ পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন ছিল।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আজকে নারায়ণগঞ্জের সংঘর্ষে জেলা পুলিশের ৩ জন ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ৬ জন আহত হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন