সিংগাইরে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

সিংগাইরে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
ছবি: আমার দেশ

মানিকগঞ্জের সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের মিদুলিয়া ডাবল ব্রিজ-সংলগ্ন এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল আনুমানিক ৮টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, নিহত ব্যক্তির কাছ থেকে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়েছে। পরিচয়পত্রে তার নাম মো. রফিকুল ইসলাম এবং ঠিকানা টাঙ্গাইল সদর উপজেলার মুদ্দোযোগিনি উল্লেখ থাকলেও প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয়ের সঙ্গে ওই পরিচয়পত্রের তথ্যের মিল পাওয়া যায়নি। ফলে নিহতের প্রকৃত পরিচয় নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাযন। পলাতক ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের পরিচয় শনাক্ত এবং পালিয়ে যাওয়া ট্রাকটি জব্দে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন