বিস্ফোরক আইনে স্বেচ্ছাসেবক দল নেতা আটক

বিস্ফোরক আইনে স্বেচ্ছাসেবক দল নেতা আটক

গাজীপুরে টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীকে আটক করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পুবাইলের পদ-হারবাইদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১ পূর্বাচল ক্যাম্পের একটি দল। পরে বিকেলে তাকে টঙ্গী পশ্চিম থানা পুলিশে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

পরে গাজীপুরা এলাকার স্যাটার্ণ টেক্সটাইল লিমিটেড কারখানায় ঝুট নিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাকে গাজীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, সিরাজুল ইসলাম সাথীকে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত: চাঁদা দাবিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের দায়ে গত রোববার (৬ জুলাই) গাজীপুর বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত নোটিশে তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন এবং টঙ্গী পূর্ব থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।

পরে র‌্যাব সদস্যরা মঙ্গলবার অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম সাথীকে আটক করে পশ্চিম থানা পুলিশে সোপর্দ করে।

এরআগে রোববার দুপুরে মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপনকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

সোমবার দুপুরে তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে জেল-হাজতে প্রেরণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন