দুই মণ ধানেও মিলছে না শ্রমিক, হারভেস্টারে অতিরিক্ত ভাড়া

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

দুই মণ ধানেও মিলছে না শ্রমিক, হারভেস্টারে অতিরিক্ত ভাড়া

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় চলতি বোরো মৌসুমে দুই মণ ধানের টাকায়ও মিলছে না একজন শ্রমিক। অন্যদিকে সরকারি ভর্তুকিতে দেওয়া হারভেস্টার মেশিনে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। ফলে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা।

বিজ্ঞাপন

কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১২ হাজার ৮৫০ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে অতিবৃষ্টির কারণে প্রায় ৫৮৫ হেক্টর জমির ধান ক্ষতির মুখে পড়েছে।

জানা গেছে, আগে যেখানে এক মণ বা তারও কম ধানে শ্রমিক পাওয়া যেত, সেখানে এখন দুই মণ ধানেও শ্রমিক মিলছে না। বর্তমানে বাজারে প্রতি মণ কাঁচা ধানের দাম ৬৫০ থেকে ৭০০ টাকা আর একজন শ্রমিকের দৈনিক মজুরি প্রায় ১,৩০০ টাকা, যা কৃষকদের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে।

এক বিঘা জমিতে ধান উৎপাদনে গড়ে প্রায় ২২ হাজার টাকা খরচ হচ্ছে। অথচ প্রতি বিঘায় গড়ে ২৫ মণ ধান উৎপাদন হলেও, প্রতি মণ ৭০০ টাকা দরে বিক্রি করে কৃষক পাচ্ছেন প্রায় ১৭ হাজার ৫০০ টাকা। ফলে প্রতি বিঘায় ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম ভুঁইয়া জানান, অতিবৃষ্টির কারণে হাওরাঞ্চলের কিছু জমির ধান পানির নিচে রয়েছে, যা কৃষকদের জন্য উদ্বেগের কারণ। শ্রমিক সংকট মোকাবিলায় বর্তমানে ২৭টি হারভেস্টার প্রস্তুত রয়েছে, পার্শ্ববর্তী জেলা থেকেও মেশিন আনা হচ্ছে। প্রতি বিঘা জমি কাটার জন্য সর্বোচ্চ ২,৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এর বেশি আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন