ফরিদপুরের সদরপুরে বসতঘরের টিনের চালে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের স্বামী স্ত্রীসহ আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব শৌলডুবি গ্রামের রব মাতুব্বরের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে প্রচুর বৃষ্টির মধ্যে হঠাৎ করে চালু থাকা পল্লী বিদ্যুতের একটি মেইন তার বসতঘরের টিনের চালের ওপর ছিঁড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো ঘর ও চাল বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় ঘরে থাকা চারজন সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলন মাতুব্বর (৩০) কে মৃত ঘোষণা করেন। বাকি সেখ ওবাইদুর( ৪০) মিঠু মাতুব্বর (৩৫) মিঠুর স্ত্রী হেনা আক্তার (২৫) এদের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে সদরপুর পল্লী বিদ্যুতের এ জি এম শহিদুল ইসলাম বলেন, ঐ সংযোগ থেকে জি,আই তার দিয়ে অবৈধ সংযোগ নেওয়ার কারনে এই দুর্ঘটনার সৃষ্টি হয়েছে।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে তার বিদ্যুতের ছিঁড়ে মর্মান্তিক এই প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

