গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হ্যান্ডকাপ, শোল্ডার ব্যাজ, উইন্টার জ্যাকেটসহ বিভিন্ন জিনিসপত্র চুরির অভিযোগে কারারক্ষী মো. আরিফ চৌধুরীর (২৮) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জেলা কারাগারের অতিরিক্ত জেলার সুমি ঘোষ সদর থানায় একটি চুরি মামলা দায়ের করেছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ১৬ জুলাই ভোররাতে গোপালগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী কারাগার থেকে আট জোড়া হ্যান্ডকাফ, ৬ জোড়া শোল্ডার ব্যাজ, ৮ পিস মনোগ্রাম, উইন্টার জ্যাকেটসহ দশ ধরনের বিভিন্ন জিনিস চুরি করে কারারক্ষী আরিফ চৌধুরী। এই চুরি যাওয়ার বিষয়টি সিসিটিভি ক্যামেরায় দেখতে পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশকে অবহিত করে কারা কর্তৃপক্ষ। পরে শনিবার রাতেই সদর থানার এসআই (উপ-পরিদর্শক) নয়ন কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরিফ চৌধুরীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কারাগারে পাশে ইসলাম পাড়ার একটি ভাড়া বাসা পাশের একটি কক্ষ থেকে চোরাইকৃত মালামালসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এ ঘটনায় আরিফ চৌধুরীকে আসামি করে অতিরিক্ত জেলার সুমি ঘোষ বাদী হয়ে গোপালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আরিফ চৌধুরী টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই নয়ন কুমার সাহা জানান, আরিফ চৌধুরী মালামাল চুরির কথা স্বীকার করেছেন। আরিফ চৌধুরীকে আজ রোববার আদালতে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

