আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শ্রীপুরে তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

শ্রীপুরে তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড জয় নারায়নপুর এলাকায় জমি জবরদখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকসহ তিনজন হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি ও দৈনিক বর্তমান পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মো. মোজাহিদ, তার সহযোগী আসাদুজ্জামান এবং আতাউর রহমান। এসময় ঘটনাস্থলে সাংবাদিক বাতেন বাচ্চু, মোস্তাক, সজীব, উমর ফারুকসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। হামলার সময় সাংবাদিকদের মারধর করা হয় এবং তাদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী সাংবাদিক আব্দুল বাতেন বাচ্চু জানান, জমি জবরদখল ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনার খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলার মুখে কয়েকজন দৌড়ে সরে গিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

অভিযোগ রয়েছে, স্থানীয় ওয়ার্ড মেম্বারের ছেলে জাহিদ নামের এক ব্যক্তি হামলার নেতৃত্ব দেন। ঘটনার একটি ১৯ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, “আমি সাংবাদিক” বলে চিৎকার করলেও অভিযুক্তরা সাংবাদিক মোজাহিদের ওপর হামলা চালাতে থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৪৫ ধারা জারি থাকা একটি জমি জোরপূর্বক দখলের অভিযোগ রয়েছে আব্দুর রউফ মেম্বার ও তার ছেলে জাহিদ, আবুল কাশেম রেনু ও তার মেয়ে সানজিদাসহ কয়েকজনের বিরুদ্ধে। জমি জবরদখল, বাড়ি ভাঙচুর এবং দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় মাহফুজা ও সোহান নামে দুই ব্যক্তি শ্রীপুর মডেল থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন