চার দফা দাবিতে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
মঙ্গলবার নরসিংদীর সাহেপ্রতাব এলাকার পুলিশ লাইন্স সংলগ্ন ঢাকা–সিলেট মহাসড়কে অবস্থান নেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। হঠাৎ করে তারা সড়কের ওপর গাছের গুড়ি ও বেঞ্চ বসিয়ে যান চলাচল বন্ধ করে দেন। ফলে মহাসড়কের উভয় পাশে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, শিক্ষার্থীদের এই অবরোধের কারণে সড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে কর্মস্থলগামী মানুষ, দূরপাল্লার যাত্রী এবং রোগীবাহী যানবাহন আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েন।
জানা গেছে, সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণার পর মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা চার দফা দাবিতে এই কর্মসূচি পালন শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ প্রত্যাহারের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

