রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাহা বেপারীপাড়া এলাকায় ধানখেতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশটি মরা পদ্মা নদীর পাশের একটি ধানক্ষেতে পড়ে ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম রবি (৩৫) বলে জানা গেলেও তার পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তিনি স্থানীয় যৌনপল্লিতে জন্মগ্রহণ করেছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে ধানক্ষেতে পানি দেওয়ার মোটরের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে এবং লাশের সঠিক পরিচয় শনাক্তে সিআইডিকে অবহিত করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

