নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা থেকে সারবোঝাই প্রতি ট্রাক থেকে ৭০০ থেকে হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে আসছে একটি চক্র। পতিত ফ্যাসিস্ট সরকারের সদস্য জাহাঙ্গীর আলমের ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে স্থানীয় একটি চক্র এর সঙ্গে জড়িত।
বৃহস্পতিবার বিকালে নরসিংদী শহরে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন বিএনপি নেতা সাইদুর রহমান হুমায়ুন।
তিনি বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ডিরেক্টর জেনারেল ও পলাশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তার অভিযোগ, জামালপুরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা থেকে সারবোঝাই প্রতি ট্রাক থেকে চাঁদা আদায় করে আসছে। তিনি এর প্রতিবাদ জানালে চাঁদাবাজ চক্রের এক সদস্য জাকির হোসেন তার নাম জড়িয়ে মাদক মামলা দেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা জানান, পলাশ-ঘোড়াশাল সার কারখানা থেকে দিনে দুই হাজার ৮০০ টন সার উৎপন্ন হয়। উৎপাদিত সার বস্তাবন্দি করে কৃষকদের দোরগোড়ায় পৌঁছানোর জন্য বিসিআইসির ডিলারদের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে সার সরবরাহ করা হয়। সারের বস্তা ট্রাকে লোডিং করার জন্য বিসিআইসি ঠিকাদার নিয়োগ করে। এজন্য ঠিকাদারকে বিসিআইসি অর্থপরিশোধ করে থাকে। ঠিকাদার জাহাঙ্গীর এন্টারপ্রাইজের স্থানীয় এজেন্ট জাকির হোসেন বেআইনিভাবে বর্তমান সরকারের সুনামকে নষ্ট করার জন্য সারবোঝাই প্রতি ট্রাক থেকে ৭০০ থেকে হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে আসছে।
সাইদুর রহমান দাবি করেন, একজন সার ব্যবসায়ী হিসেবে দেশের শীর্ষস্থানীয় সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সার নিয়ে নৈরাজ্য দূর করতে এর প্রতিবাদ জানান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে চক্রের সদস্যরা রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিকভাবে হয়রানি করার জন্য পলাশ থানায় মিথ্যা ও সাজানো মামলা রুজু করে। ফলে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেন সাইদুর রহমান হুমায়ুন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

