মিনি ফ্যান্টাসি কিংডম পার্কে ব্রিজের ওপর ঝুলছিল কর্মচারীর লাশ

উপজেলা প্রতিনিধি, নড়িয়া (শরীয়তপুর)

মিনি ফ্যান্টাসি কিংডম পার্কে ব্রিজের ওপর ঝুলছিল কর্মচারীর লাশ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার কলোকাঠি এলাকায় অবস্থিত মিনি ফ্যান্টাসি কিংডম পার্ক থেকে সাব্বির ছৈয়াল (২০) নামে এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকালে পার্কের ভেতরে একটি ড্রাম ব্রিজের ওপর গোলঘরের চালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান সহকর্মীরা। পরে খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

নিহত সাব্বির ছৈয়াল নড়িয়া উপজেলার কেদারপুর গ্রামের সোনা মিয়া ছৈয়ালের ছেলে। তিনি প্রায় তিন বছর ধরে ওই পার্কে কর্মচারী হিসেবে কাজ করছিলেন।

পার্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. হায়দার জানান, রোববার রাত সাড়ে ১২টা পর্যন্ত সাব্বির অন্য কর্মচারীদের সঙ্গে ছিলেন। পরে সবাই নিজ নিজ কক্ষে চলে যান। সোমবার সকালে নির্ধারিত সময়ে কাজে না আসায় সহকর্মীরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পার্কের ড্রাম ব্রিজের ওপর গোলঘরের চালের সঙ্গে একটি গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। পরে পার্ক কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সেগুলোর কল রেকর্ড ও অন্যান্য তথ্য যাচাই করে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...