আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফরিদপুরে থানা সংলগ্ন আ. লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, জানেন না ওসি

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরে থানা সংলগ্ন আ. লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, জানেন না ওসি

ফরিদপুর কোতয়ালী থানা সংলগ্ন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ শহর কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে জেলা যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী এ কর্মসূচি পালন করেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, ফরিদপুর রাজেন্দ্র কলেজ ছাত্রলীগ প্যানেল থেকে নির্বাচিত সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাওছার আকন্দ, জেলা যুবলীগের সদস্য হিমেল, মাহফুজ এবং ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেবাশীষ নয়নসহ আরও কয়েকজন নেতাকর্মী দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করছেন এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন। পতাকা উত্তোলন শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় বলে প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান।

উল্লিখিত প্রত্যেকেই জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

পতাকা উত্তোলনের সময় দেবাশীষ নয়নকে বলতে শোনা যায়, ‘মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ভাইয়ের নির্দেশে এবং হাসিবুর রহমান ফারহান ও কাউসারের নেতৃত্বে আমরা আওয়ামী লীগের অফিস নতুন করে খুললাম এবং পতাকা উত্তোলন করলাম।’

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টা আমি জানি না।’ অফিসটি থানার গেইট সংলগ্ন কিন্তু আপনি জানেন না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন,‘আমি জানি না রে ভাই, আমি জানি না’ বলে ফোনটা কেটে দেন ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন